চারঘাট বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
চারঘাট বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবা (৬ উপজেলার বামনদিঘী গ্রামের লালনের মেয়ে।
স্থানীয়রা জানায়, কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লালনের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে পরিবারটি পাশের একটি বাড়ি থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল। সেই সংযোগ থেকেই নিউট্রাল তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর শিকার হয় শিশুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সিপন উদ্দিন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।