রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
দেড় বছরের শিশু হামের পর ডেঙ্গু আক্রান্ত: আইসিইউতে ভর্তি
দেড় বছরের শিশু হামের পর ডেঙ্গু আক্রান্ত: আইসিইউতে ভর্তি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেড় বছরের শিশু তাইবা হামের পর ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শিশুটিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। শিশু তােইবা রামেক হাসপাতালে চলতি মৌসুমের প্রথম ডেঙ্গু রোগী বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শিশু তাইবা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা চৌধুরীপাড়া গ্রামের দরিদ্র কৃষক জাহিদুল ইসলামের মেয়ে। হামের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শুক্রবার রাতে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রক্ত পরীক্ষায় শিশুটির ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। শিশুটির বাবা বলেন, একমাত্র সন্তানকে বাঁচাতে যা করার দরকার, তা–ই করবেন।
হাসপাতাল সূত্র জানায়, মে মাসের শুরুতে জ্বর, কাশির কারণে কুষ্টিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তখন শরীরে লালচে দানার মতো ফুসকুড়ি দেখা যায়। ১২দিন হামের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। শিশুটিকে হামের টিকাও দেওয়া হয়। গত বুধবার শিশুটির আবার জ্বর, কাশি শুরু হয়। এরপর শিশুটিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকা অথবা রাজশাহী নিতে বলেন। শুক্রবার রাতে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড হয়ে শিশুটি বর্তমানে আইসিইউতে ভর্তি আছে।
রামেক হাসপাতালের আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘শনিবার রাউন্ড গিয়ে প্রচণ্ড দুর্বল শিশুটির রিপোর্টে রক্তের শ্বেতকণিকা অনেক বেশি, অথচ প্লাটিলেট অনেক কম দেখা যায়। রবিবার আইসিইউ ল্যাবে পুনরায় ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘শিশুটি হামের ধকল কাটিয়ে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজেসহ বাবা–মা এবংচিকিৎসক ও নার্সেরা যুদ্ধ করছে।’