নদী দূষণ বন্ধের দাবিতে রাজশাহীর পবায় বারণই পাড়ে মানববন্ধন
নদী দূষণ বন্ধের দাবিতে রাজশাহীর পবায় বারণই পাড়ে মানববন্ধন
রাজশাহীর বারাহী, নবগঙ্গা, স্বরমঙ্গলা ও বারনই নদীর দখল-দূষণ বন্ধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজ এলাকার বারণই নদীর পাড়ে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গ্রিন কোয়ালিশন, নওহাটা মৎস্যজীবী সমিতি ও বারসিকের এই কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বারণই নদীরপাড়ের বাসিন্দা, জেলে, মৎস্যজীবী, পরিবেশকর্মী ও সামাজিক আন্দোলনকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী শহরের বিভিন্ন ড্রেন ও নালায় তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। এতে বারাহী, নবগঙ্গা ও বারণই নদীর পানি দূষিত হচ্ছে। ঐ দূষিত পানি বিভিন্ন বিলে প্রবেশ করায় কৃষি, মাছ ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য উৎপাদন ঝুঁকির মুখে পড়ছে।
নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, নদীগুলোর পানি কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে দ্রুত দূষণ বন্ধ করতে হবে। মানববন্ধনে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নদীগুলোর সীমানা চিহ্নিত করে দখল-দূষণমুক্ত করণ, শহরে আধুনিক বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা চালু, শিল্পকারখানা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত, দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নদী-বিলের পানি ও মাটির গুণগত মান পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন স্মারকলিপি গ্রহণ করেন।