নিখোঁজ চার বছরের শিশু হুমায়রা ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি : ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা পরিবারের

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:৫৬ এএম আপডেট : ১৭ মে ২০২৬, ১২:২৪ এএম ৪৪ বার পঠিত
নিখোঁজ চার বছরের শিশু হুমায়রা ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি : ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা পরিবারের

নিখোঁজ চার বছরের শিশু হুমায়রা ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি : ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা পরিবারের

দৈনিক রাজশাহী
১৬ মে ২০২৬

রাজশাহী ডেস্ক : বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজের ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও চার বছরের শিশু হুমায়রা জান্নাত এখনো উদ্ধার হয়নি। রাজশাহীর দুর্গাপুরের এই শিশুটিকে উদ্ধারের আশায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর বাড়ির চারপাশ, পুকুর ও জঙ্গলে তল্লাশি চালিয়েছে।  তবে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পবিারের পাশাপাশি এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এদিকে আজ শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে শিশুটির সন্ধানদাতা বা শিশুটিকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে তার পরিবার।

নিখোঁজ শিশু হুমায়রা জান্নাত দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা হাসিবুল হোসেন শান্ত’র মেয়ে। শান্ত একজন ফার্মেসি ব্যবসায়ী। শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু হুমায়রা নিখোঁজ হয়। ওই সময় তার সমবয়সী আরও কয়েক শিশুও সেখানে খেলছিল জানিয়েছেন পরিবার।
শিশুটির দাদা ইসমাইল হোসেন বলেন, প্রায় ১৫ ঘণ্টা পার হলেও এখনো নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যেকোনোভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, নিখোঁজের সময় হুমায়রার পরনে ছিল কালো গেঞ্জি ও হাফপ্যান্ট। তার বিষয়ে একই সঙ্গে খেলতে থাকা শিশুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবার রাতভর বাড়ির পাশে পুকুর, বাগান, জঙ্গলে তল্লাশি চালানো হয়েছে। তবে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ‘অপহরণ করা হয়েছে কি না, এটা এখনো পরিস্কার নয়। কারণ, ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ এখনো টাকা পয়সা দাবি করেনি। আমরা স্থানীয় লোকজন, প্রতিবেশী ও শিশুটির খেলার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। আমরা শিশুটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।