এবার মোবাইল উদ্ধার করে দিয়ে প্রশংসায় আরএমপি কনস্টেবল
এবার মোবাইল উদ্ধার করে দিয়ে প্রশংসায় আরএমপি কনস্টেবল
রাস্তায় পাওয়া পার্সের পর এবার পশুহাটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিয়ে সততা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদস্য কনস্টেবল মোঃ বদরুল আলম চৌধুরী।
জানা গেছে, রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাটে (গরু-মহিষের হাট) গরু বিক্রির উদ্দেশ্যে আসা পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা মোঃ মিনহাজ উদ্দীন একটি অস্থায়ী খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি সেখানে রেখে যান। পরে হাটের ভেতরে চলে যাওয়ার পর রাত সাড়ে ৭টার দিকে তিনি বুঝতে পারেন যে মোবাইল ফোনটি তার কাছে নেই।
মোবাইল ফোন হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি হাটে দায়িত্ব পালনরত আরএমপির কনস্টেবল মোঃ বদরুল আলম চৌধুরীর সহযোগিতা চান। বিষয়টি জানার পর কনস্টেবল বদরুল আলম তাৎক্ষণিকভাবে তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে যান এবং খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে হোটেল মালিক মোবাইল ফোনটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন।
পরে রাত সোয়া ৮টার দিকে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক মোঃ মিনহাজ উদ্দীনের হাতে তুলে দেন কনস্টেবল মোঃ বদরুল আলম চৌধুরী।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মিনহাজ উদ্দীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পুলিশের মানবিকতা, দায়িত্বশীলতা ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ ঘটনায় পশুর হাটে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানে পুলিশ সদস্যদের এমন উদ্যোগ জনমনে আস্থা বৃদ্ধি করে বলে মন্তব্য করেন অনেকেই।