সেচ সংকট নিরসন, কৃষি উন্নয়নে গৃহীত ও প্রস্তাবিত ৩০ হাজার কোটি টাকার পৃথক তিনটি মেগা প্রকল্প নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএমডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম ১৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএমডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএমডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক রাজশাহী
২৯ জুল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে সচিবালায়ে সাক্ষাতে বিএমডিএ চেয়ারম্যান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, উত্তরাঞ্চলের সেচ সংকট নিরসন এবং কৃষি উন্নয়নে গৃহীত ও প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। যা বৈঠক শেষে বিএমডিএ চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন।

বিএমডিএ চেয়ারম্যান বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে ভূ-গর্ভস্থ পানির সংকট ও সেচ সমস্যার মুখোমুখি হচ্ছে। একসময় এই অঞ্চলে বছরে একটিমাত্র ফসল চাষ হতো। বর্তমানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সেচের চাহিদা পূরণে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, ‘ডাবল লিফটিং পদ্ধতির মাধ্যমে মহানন্দাসহ বিভিন্ন নদীর পানি উত্তোলন করে খালে সরবরাহ করা হবে। পরে সেই খাল থেকে কৃষি জমিতে সেচ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পানির চাহিদা পূরণ এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। মহানন্দা নদী থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ অঞ্চলের খালে পানি পৌঁছে দিয়ে কয়েক লাখ একর কৃষি জমিতে সেচ সুবিধার পরিকল্পনা রয়েছে। এ জন্য বিএমডিএ’র পক্ষ থেকে প্রায় ২ হাজার কোটি টাকার দু’টি উন্নয়ন প্রকল্প এবং প্রায় ১০ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার কৃষক উপকৃত হবেন। সেচ সংকট কমবে এবং দেশের কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে।’ 

বিএমডিএ চেয়ারম্যান জানান, বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। দ্রুত প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন হলে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।