প্রাথমিক ফুটবল সমাপনী ও পুরস্কার বিতরণীতে মিজানুর রহমান মিনু

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজন করা হবে

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:৪৬ পিএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৫৬ পিএম ৩৬ বার পঠিত
রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজন করা হবে

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজন করা হবে

দৈনিক রাজশাহী
২৩ মে ২০২৬

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা এবং রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, বিশ্বের খ্যাতিমান খেলোয়াড়রা কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও একাগ্রতার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস ধরে রাখা এবং নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। তিনি বলেন, রাজশাহীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থাকায় নতুন প্রজন্মের খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ পাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পাশাপাশি রাজশাহীর সুনামও বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চাকে উৎসাহিত করা হচ্ছে, যাতে খেলাধুলাকে জাতীয় সম্পদে পরিণত করা যায়। তিনি বলেন, উপযুক্ত পরিবেশ, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে বর্তমান প্রজন্মের কিশোর-তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

তিনি আরও বলেন, নিয়মিত ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।