পুঠিয়ায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৩:৩৩ পিএম আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:১৪ এএম ৫৫ বার পঠিত
পুঠিয়ায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বুধবার পুঠিয়ার ইউএনও’র সভাকক্ষে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভায় অংশগ্রহণকারীবৃন্দ | ছবি: দৈনিক রাজশাহী

পুঠিয়ায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে নিজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিয়াকত সালমান। সভায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস এবং রাজশাহী শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, ভাল্লুকগাছী পাচানীপাড়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, শিখা প্রকল্পের এফসি সড়ক নিরাপত্তা কর্মসূচির পংকজ কুমার বিশ্বাস, পুঠিয়া থানা পুলিশের প্রতিনিধি, সাংবাদিক মোহাম্মদ আলী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

প্রকল্পের আওতায় পুঠিয়ার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি ম্যাপ প্রণয়ন, অভিভাবক সভা, অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, যুব ফোরাম গঠনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়টি সভায় তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ব্র্যাকের এই উদ্যোগ সময়োপযোগী এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এসব অপরাধ দমনে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যা ভুক্তভোগীর জীবনকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারসহ অন্যান্য অংশগ্রহণকারীরাও উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন সভা সঞ্চালনা ও প্রকল্প উপস্থাপনা করেন প্রজেক্ট অফিসার সাবির হোসেন।

 

 

 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।