ফলোআপ নিউজ
যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২
যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মো. মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৯ মে রাত আনুমানিক ৯টার দিকে হৃদয় নামের এক যুবকসহ ৩-৪ জন ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এ সময় তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। পরে তুষারকে কেন খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি পরে জানা যাবে বলে জানায় এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি দেয়।
পরদিন ১০ মে সকাল আনুমানিক ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। নামীয় আসামিরা হলেন— শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মো. মুজাহিদ (২২)।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযান চালিয়ে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।