চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার : মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার : মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার জয়নাল টুলু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র্যাব-৫ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জানতে পারে, মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা এলাকায় জয়নাল টুলুর বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রয়েছে। পরে বুধবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘর থেকে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার জয়নাল টুলুসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।