গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর গ্রেপ্তার
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন তার সহযোগী মো. নাসির উদ্দীন (৫৩)। গ্রেপ্তার জিহান ও পলাতক নাসির গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার নদীর খেয়াঘাটে অভিযান চালানো হয়।
অভিযানে নদীর কিনারে থাকা একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করছিল। পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে গ্রেপ্তার করলেও অন্ধকারে পালিয়ে যান নাসির উদ্দীন। পরে জিহানের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার জিহান ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে আগেও ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।