রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু
রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু
ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬’-এর পর্দা উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী চেম্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা মানুষের মানসিক স্থিতি বৃদ্ধি, ইতিবাচক চিন্তাভাবনা বিকাশ এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করতে সহায়ক। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিক পর্দা উন্মোচন করা হয়।