রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০২:৫৯ পিএম ১ বার পঠিত
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

দৈনিক রাজশাহী
০৭ জুন ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রলীগের কোন পর্যায়ের নেতা বা কর্মী ছিলেন, সে বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

গ্রেপ্তার দুজন হলেন- নগরের রাজপাড়া থানার কেশবপুর এলাকার মো. শিমুল ওরফে রাকেশ (২৭) এবং ডিঙ্গাডোবা নিমতলা এলাকার রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১)।

রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের তথ্য জানায়। পুলিশ বলছে, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আরএমপি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুরে নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার পর শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।