রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতা কর্মী পাঁচ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ১১:৪২ এএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৪:৩৮ পিএম ৩৬ বার পঠিত
রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতা কর্মী পাঁচ হাজার  টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন

রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতা কর্মী পাঁচ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকে নগদ পাঁচ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন। সোমবার (২৫) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের গ্রিন প্লাজায় প্রধান অতিথি হিসেবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন অনুদানের অর্থ সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

উল্লেখ্য, ঈদ-উল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী রাসিকের ১২৩৭ পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করেন। 

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে ও উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। এসময় রাসিকের সচিব সোহেল রানা, ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড সচিব ও রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে রাসিক প্রশাসক রিটন বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার শুধু আর্থিক সহায়তা নয়, পরিছন্নতা কর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও পরিশ্রমের স্বীকৃতি। এই উপহার পরিচ্ছনতা কর্মীদের শুধু ঈদের আনন্দ বৃদ্ধি করবে না, দায়িত্ব পালনে তাদের মনে নতুন উদ্দীপনা যোগাবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা ৬ থেকে ৮ ঘন্টায় নগরীর সকল কোরবানির বর্জ্য অপসারণ করতে চাই। ঈদের দিন আমি ৮ ঘন্টা মাঠে থেকে কাজ তদারকি করবো। নগরবাসীর নির্বিঘ্নে ঈদ পালন ও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এবারই প্রথম নগরবাসীকে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ফ্রি পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিয়েছি। কোরবানির চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানায় ফ্রি লবণ দিয়েছি। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে ও ঘরমুখো ট্রেন যাত্রীদের বিশেষ সহায়তা দিচ্ছি। আগামীতে রাজশাহী শহরকে আরো পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর, আধুনিক ও তিলোত্তমা করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা চাই। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।