তানোরে ৭০৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
তানোরে ৭০৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ৭০৫ লিটার চোলাইমদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কচুয়া (কাজিপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সদর কোম্পানির একটি অপারেশন দল তানোর থানার কচুয়া (কাজিপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় ধৃত আসামি শান্ত শিংয়ের বসতবাড়ির উঠান থেকে ৭০৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। গ্রেপ্তার শান্ত শিং হলেন তানোর উপজেলার কচুয়া (কাজিপাড়া) এলাকার মৃত বাবলু শিংয়ের ছেলে।
র্যাব জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অবৈধভাবে চোলাইমদ উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে লোকচক্ষুর আড়ালে চোলাইমদ উৎপাদন করে তানোর এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।