রাজশাহীতে আমেরিকান সপ্তাহের কর্মসূচিতে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাজশাহীতে আমেরিকান সপ্তাহের কর্মসূচিতে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী পালিত ‘আমেরিকা সপ্তাহ’-এর অংশ হিসেবে আজ রবিবার (৫ জুলাই) রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সফরের শুরুতে তিনি অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর সহায়তায়প্রাপ্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন। এসময় রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মোঃ মোস্তাফিজুর রহমানকে নিয়ে রাষ্ট্রদূত জাদুঘরের গ্যালারিসমূহ এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।
এরপর রাষ্ট্রদূত পরিদর্শন বইতে তাঁর মন্তব্যে লিপিবদ্ধকরেন। মন্তব্যে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।’ এসময় রাবি উপাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে রবিবার দুপুরে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে মতবিনিময় করেন।
অন্যদিকে রবিবার বিকেলে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড এবং রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন।