রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে: ভূমি মন্ত্রী
রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে: ভূমি মন্ত্রী
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেলওয়ে মাঠে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের আদলে বড় পরিসরের একটি আসর আয়োজনের মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩০ মে) রাজশাহী রেলওয়ে মাঠে ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, করোনা মহামারির ভয়াবহ ও সংকটময় সময়ে মানুষের সেবায় নিয়োজিত থেকে ডা. এ বি এম মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। মানুষের কল্যাণে তাঁর আত্মত্যাগ ও অবদান রাজশাহীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের ধারাবাহিক সফলতা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ডা. মিজানের আদর্শ অনুসরণ করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
ভূমি মন্ত্রী আরও বলেন, রাজশাহী রেলওয়ে মাঠের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে সন্তোষজনক নয়। মাঠে যাতায়াত সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কয়েকটি বড় সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠটিকে আরও আধুনিক, নান্দনিক ও আন্তর্জাতিক মানের খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ক্রিকেট খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উদ্বোধনীর পর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও টুর্নামেন্টের সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।