খেলাধুলায় বিশ্বদরবারে দ্রুত পরিচিতি পাওয়া যায়: এমপি মিলন
খেলাধুলায় বিশ্বদরবারে দ্রুত পরিচিতি পাওয়া যায়: এমপি মিলন
শিক্ষাব্যবস্থায় খেলাধুলা বাধ্যতামূলক এবং প্রতিটি গৃহিণীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগের কথা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, কাবাডি খেলার মাধ্যমে রাজশাহীসহ পুরো বাংলাদেশ আগামী দিনে বিশ্বদরবারে পরিচিতি লাভ করবে এবং গ্রামবাংলার ঐতিহ্য ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।
রবিবার বিকেলে পবার বড় বাড়িয়াতে কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বর্তমান সরকারের শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাধুলার পাশাপাশি গান-বাজনা, হামদ-নাত এবং কবিতা আবৃত্তির চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা সম্ভব।
এমপি মিলন আরও বলেন, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে বেড়ে ওঠার ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, আগামী দিনে এই প্রজন্মের মধ্য থেকেই বেগম খালেদা জিয়া, তারেক রহমান বা জাইমা রহমানের মতো রাজনৈতিক নেতৃত্ব এবং আরাফাত রহমান কোকোর মতো দক্ষ ক্রীড়া সংগঠক তৈরি হবে।
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারে ৩১ দফা দাবি এবং নারীদের জন্য বিশেষ উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রতিটি মা-বোনের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল, তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। পবা-মোহনপুর এলাকার হরিয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ৬৬৯ জন গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড প্রদান করে পাইলট প্রকল্প চালু করা হয়েছে।
তিনি বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, নেইমার এবং পেলে-এর পাশাপাশি দেশের ক্রীড়া তারকা মাশরাফি বিন মর্তুজা এবং রাজশাহীর সন্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম গর্বের সঙ্গে উল্লেখ করেন। এছাড়াও কাবাডি জাতীয় দলের সাবেক অধিনায়ক রশোর অবদানও স্মরণ করেন তিনি।
৪০-৪৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার উল্লেখ করে তিনি আসন্ন স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দল থেকে কোনো অযোগ্য বা খারাপ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে না এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত করা হবে।
অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, দিনব্যাপী এই কাবাডি টুর্নামেন্টে ছেলে ও মেয়ে দুই বিভাগে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার দুই বিভাগেই রাজশাহী চ্যাম্পিয়ন এবং জয়পুরহাট জেলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
বড় বাড়িয়া রজনী ক্লাবের সভাপতি মিনারুল ইসলাম মুনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান, নওহাটা পৌর যুবদলের সদস্য রবিউল আওয়াল, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।