ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি: মিনু

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৪:০৩ পিএম আপডেট : ০১ জুন ২০২৬, ১০:৪০ এএম ২৯ বার পঠিত
ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি: মিনু

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি: মিনু

দৈনিক রাজশাহী
৩০ মে ২০২৬

ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। সৎ ও সাহসী বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভূমি মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো সততা। দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে দলের অসংখ্য নেতাকর্মী অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন, মাসের পর মাস পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন। আবার অনেক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। এসব ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক ভেদাভেদ ভুলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি এই সভা আয়োজন করে । এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এমপি এবং নজরুল ইসলাম মণ্ডল এমপি।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।