বাঘায় চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন : দগ্ধ স্ত্রী হাসপাতালে
বাঘায় চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন : দগ্ধ স্ত্রী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান-গম, গরু-ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজিপাড়া গ্রামে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র কৃষক মামুন হোসেন নাটোর জেলায় শ্রমিকের কাজে রয়েছেন। বাড়িতে তাঁর স্ত্রী ছিলেন। গোয়ালে থাকা গরু বিক্রি করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাঁর। সারা বছরের খাবারের জন্য ঘরে মজুত করেছিলেন ২০ মণ ধান ও ১৬ মণ গম। কিন্তু একটি চুলার আগুন মুহূর্তেই সব শেষ করে দেয়। আগুনে তিনটি বসতঘর, আসবাব, ২০ মণ ধান, ১৬ মণ গম এবং গোয়ালে থাকা চারটি গরু দগ্ধ হয়। এ সময় একটি গরুর বাছুর আগুনে পুড়ে মারা যায়। ঘরের মালামাল রক্ষার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন এলিচ বেগম।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। মামুনের স্ত্রী বড় ছেলেকে গাড়িতে তুলে দিতে পার্শ্ববর্তী বাঘা-ঈশ্বরদী সড়কের হাব্বুরের মোড়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে লোকমুখে বাড়িতে আগুন লাগার খবর জানতে পারেন তিনি। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে মোবাইল ফোনে বাঘা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।
মামুন হোসেনের ছেলে ইমন বলেন, ‘আমি কাজের উদ্দেশে ঢাকায় যাচ্ছিলাম। পরে ফোন পেয়ে বাড়ি ফিরে দেখি সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’
বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুকনা খাবার, কয়েকটি কম্বল ও নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। পরে ঢেউ টিনের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।
অন্যদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।