গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
নিজস্ব প্রতিবেদক :
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যে’র রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ বলেন, ‘আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোঃ শফিকুর রহমান। গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘দেশের জনগণ বর্তমানে নানা সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন চায় এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।’
তারা বলেন, ‘গণতন্ত্রের মূল শক্তি জনগণ। জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. মাওলানা কেরামত আলী, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য দেন। এসময় জামায়াতের মহানগর নায়েবে আমির ডা. মুহম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন, খেলাফত মজলিস মহানগর সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’র মহানগর সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন ।