শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাজশাহীতে ছাত্রদলের খাবার বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাজশাহীতে ছাত্রদলের খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।